নরসিংদীর রায়পুরায় একটি গরুর ফার্ম থেকে সোহাগ মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃস্পতিবার সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারের মাশাআল্লাহ ডেইরি গরু ফার্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহাগ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের বিথিয়ারকান্দি এলাকার মৃত শাহিদুল ইসলামের ছেলে। তিনি মাশাআল্লাহ ডেইরি গরু ফার্মের কর্মচারী ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেছে ফার্ম কর্তৃপক্ষ।
ফার্মের কর্মচারী রকিব জানায়, সোহাগ গতকাল সারারাত জেগে ছিল। পরে সকালে অসংলগ্ন কথাবার্তা বলছিল। সে বলছিল তার ভালো লাগছে না এবং আমার স্ত্রী-সন্তান মেরে ফেলেছে আমি বেঁচে থেকে লাভ কি? এসব কথা বলে সে বারবার পায়চারি করতে থাকে। তখন তার মধ্যে একধরনের অস্থিরতা দেখা যায়। এরপর সে একটি ব্লেড দিয়ে তার নিজের গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মোসেনা বলেন, সৎভাই বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে আমাকে ও আমার সন্তানকে অত্যাচার ও মারধর করে। এসব বিষয় নিয়েই মূলত সে মানসিক চাপে ছিল। সকালে খবর পাই সে মারা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, ওসি আজিজুর রহমান।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কিছুটা ঝামেলা ছিল। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
