গাজীপুরের শ্রীপুরে আদালতের নির্দেশে প্রায় দেড় বছর পর মরদেহ উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের পারিবারিক করস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
মরদেহটি রাকিব হাসান তোফাজ্জলের (৩০)। তিনি ওই গ্রামের আবদুর রহিমের ছেলে। গত ২০২২ সালের ২২ জুন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তোফাজ্জলের মৃত্যু হয়। এর আগে ৯ জুন বাড়ির পাশে রেললাইন থেকে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তবে স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই হামলা ও মারধরের শিকার হয়েছিলেন তোফাজ্জল। সন্দেহ ছিল প্রতিবেশীরা তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে রেল লাইনে মৃত ভেবে ফেলে যায়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারধর করা জড়িতদের নাম বলে গেছেন স্বজনদের।
এ ঘটনায় তোফাজ্জল হোসেনের ভাই মুফাজ্জল বাদি হয়ে গাজীপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ দেন আদালত।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, আমরা উপস্থিত থেকে কবর থেকে মৃতের লাশ উত্তোলন কার্যক্রম সম্পন্ন করেছি। আদালতের নির্দেশে এ লাশ উত্তোলন করা হয়েছে।
গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, আদালতের নির্দেশ পেয়ে কবর থেকে নিহতের লাশ উত্তোলন করা হয়েছে। পরে সেটি (লাশ) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
