নোয়াখালী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে নোয়ান্নই ইউনিয়নে বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় আহতদের মধ্যে আশরাফুল করিম বাবু (৩৮), মো.মাসুম (২৩) ও মো.রিপন (৩৮) নামি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর তিনজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছে, এলাকার আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যুবলীগ কর্মী আশরাফুল করিম বাবু ও মো. রিপনের মধ্যে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ মাসুমসহ ৬ জন আহত হয়। এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করেছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, আহত ৬ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা বাড়ি ফিরে গেছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গত ইউপি নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
