'প্রাথমিক লক্ষ্য' পূরণ করে খুশি রোহিত

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৩৭ এএম

বিশ্বকাপে ভারত যেন প্রতিরোধ্য। এখন পর্যন্ত তাদেরকে হারাতে পারেনি কোনো দল। টানা সাত জয়ে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা। দলের ধারাবাহিক পারফরম্যান্সে খুশি রোহিত শর্মা। তবে ভারত অধিনায়ক বললেন, কেবল পূরণ হয়েছে প্রাথমিক লক্ষ্য। 

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে গতকাল ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে ভারত। ৩৫৭ রানের পুঁজি নিয়ে লঙ্কানদের তারা গুটিয়ে দিয়েছে মাত্র ৫৫ রানে। ৩০২ রানের বিশাল ব্যবধানে জিতে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের শেষ চারে খেলা নিশ্চিত করেছে তারা।

ম্যাচের দ্বিতীয় বলে রোহিতকে হারানোর ধাক্কা ভারতের পরের ব্যাটসম্যানরা সামাল দেয় দারুণভাবে। সর্বোচ্চ ৯২ রান করেন শুবমান গিল। ৮৮ রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে। পরে দুর্দান্ত বোলিং করেন দলটির পেসাররা। লঙ্কানদের ১০ উইকেটের মধ্যে ৯ উইকেটই নিয়েছেন জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি মিলে। শামির শিকারই ছিল ৫টি।

ভারতের এমন দুর্দান্ত জয়ের কৃতিত্ব ব্যাটসম্যান, বোলার সবাইকেই দিয়েছেন রোহিত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত অধিনায়কের কণ্ঠে ছিল উচ্ছ্বাস, ‘জেনে ভালো লাগছে যে আমরা সেমিফাইনালে উঠতে পেরেছি। এটা ছিল প্রাথমিক লক্ষ্য। তবে সাতটা ম্যাচে আমরা দারুণ খেলেছি। প্রত্যেকেই যার যার জায়গা থেকে পারফরম্যান্স করেছে।’

তিনি আরও বলেন, ‘ব্যাটিং করে স্কোরবোর্ডে রান করা একটু কঠিনই ছিল। যখন আপনি বেশি রান করতে চান, এটা হচ্ছে তেমনই এক মঞ্চ। এমন দুর্দান্ত স্কোরের জন্য ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে। একই সঙ্গে বোলারদেরকেও দিতে হবে।’

শ্রীলঙ্কার আগে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড-এই ছয় দলের বিপক্ষে ছয়টি ভিন্ন ভেন্যুতে খেলেছে ভারত। সব কটি ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে তারা।

আগামী ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ইডেন গার্ডেনসে লড়াবে ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত