হেনরির বদলে নিউজিল্যান্ড দলে জেমিসন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১১:৩৯ এএম

শঙ্কাটা ছিলই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। হ্যামস্ট্রিং চোটে বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেসার ম্যাট হেনরি। তার বদলে আরেক পেসার কাইল জেমিসনকে দলে যোগ করেছে নিউজিল্যান্ড।

বিশ্বকাপ দলে জেমিসনকে নেওয়ার অনুমতি নিউজিল্যান্ডকে শুক্রবার দিয়েছে আইসিসির টেকনিক্যাল কমিটি। শুরুতে টিম সাউদি ও পরে হেনরির কাভার হিসেবে দলের সঙ্গে আগে থেকেই ছিলেন জেমিসন।

পুনেতে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ২৭তম ওভারে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন হেনরি। মাঠের বাইরে গিয়ে শুশ্রূষা নিলেও ব্যথার তীব্রতা না কমায় আর ফিল্ডিংয়ে নামতে পারেননি ৩১ বছর বয়সী পেসার।

পরে ১১ নম্বরে ব্যাটিংয়ে নামলেও দৌড়াতে পারেননি তিনি। নিউ জিল্যান্ডের বড় পরাজয়ের ম্যাচে ৫.৩ ওভার বোলিং করে ৬৯ রান খরচায় ১ উইকেট নেন হেনরি। তার চোটের অবস্থা বুঝতে বৃহস্পতিবার স্ক্যান করানো হয়। আজ তার ছিটকে পড়ার দুঃসংবাদ পেল কিউইরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে চোট পান জিমি নিশামও। নিজের বোলিংয়ের সময় ফলো-থ্রুতে তার ডান হাতের কব্জিতে আঘাত করে একটি বল। যে কারণে ওই ম্যাচে ৯ নম্বরে ব্যাটিং করেন তিনি। তবে এক্স-রেতে কোনো চিড় ধরা পড়েনি। 

এছাড়া চোটে ভুগছেন কেন উইলিয়ামসন, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে একিলিসে চোট পাওয়া ফার্গুসন অনেকটাই সেরে উঠেছেন। পরের ম্যাচ খেলার জন্য প্রস্তুত তিনি। উইলিয়ামসন, চ্যাপম্যানের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

শনিবার বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে লড়াই নিউজিল্যান্ডের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত