রাজধানীর মধ্য বাড্ডা ব্যাপারীপাড়া এলাকার একটি বাসা থেকে মাকসুদা বেগম (৬৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গত বৃহস্পতিবার রাতে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ঘটনার পর ওই নারীর মেয়ে স্মৃতি বেগমকে (২৭) পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সুরতহাল প্রস্তুতকারী বাড্ডা থানার এসআই ফাতেমা সিদ্দিকা সোমা জানান, পরিবারের সঙ্গে ওই নারী ব্যাপারীপাড়ার ওই বাসার চতুর্থ তলায় ভাড়া থাকতেন। খবর পেয়ে রাতে তার লাশ উদ্ধার করা হয়।
তার শরীরের পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন জায়গায় জখম রয়েছে। এ ছাড়া মাথায় আঘাতও রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মাকসুদা বেগম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। একা একা চলাফেরা করতে পারতেন না। বৃহস্পতিবার রাতে তিনি বাসার গোসলখানায় পায়খানা করেন। এতেই ক্ষিপ্ত হয়ে তার মেয়ে স্মৃতি তাকে গোসলখানার ভেতরেই মারধর করে। গোসলখানার কলের সঙ্গে তার মাথায় সজোরে ধাক্কা লাগায়। তখনই অচেতন হয়ে পড়েন। পরে মেয়েই তাকে বিছানায় নিয়ে শুইয়ে রাখে। সেখানেই তার মৃত্যু হয়েছে। স্মৃতিকে আটক করা হয়েছে। এ ছাড়া ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
