রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়দাবাদে তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে।
খবর পেয়ে বাসে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, নিউ মার্কেটে মিরপুর সুপার লিংক নামে একটি বাসে, এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে ও সায়দাবাদ জনপদের মোড় ফ্লাইওভারের নিচে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনপির ঘোষিত দুই দিনের অবরোধ শুরু হচ্ছে আগামীকাল রবিবার থেকে। এর মধ্যেই বাসে আগুন দেওয়া হলো।
ফায়ার সার্ভিস আরও জানায়, গাউছিয়া মার্কেটের আগুন নেভাতে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে বাসে সামনে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে গেছে। সায়দাবাদ জনপদের মোড় ফ্লাইওভার এলাকায় কাজ করছে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল গনি সাবু বলেন, নিউমার্কেট এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
