মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত লিটন চৌধুরী সেতু উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটি উদ্বোধন করেন।
শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯ দশমিক ৮০ মিটার প্রস্থের সেতুটির নির্মাণকাজ ২০১৯ সালের ১২ ডিসেম্বর শুরু হয়। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯৭ কোটি ৫০ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি নির্মাণ করায় শিবচর উপজেলার শিরুয়াইল, নিলখী, দত্তপাড়া ইউনিয়ন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা, আজিমনগর ও মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর, হোসেনপুর এলাকার অধিকাংশ এলাকাসহ আশপাশের এলাকার লক্ষাধিক মানুষের ভোগান্তির অবসান হয়েছে। এসব এলাকার মানুষ এই সেতু দিয়ে দ্রুত সময়ের মধ্যে শিবচর উপজেলা সদরে পৌঁছাতে পারবেন। সেতুটির উদ্বোধনের ফলে মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কিছু গ্রামের মানুষ শিবচর হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে সহজে ঢাকা যেতে পারবেন। এ ছাড়া এই এলাকার উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করাও সহজ হবে।
এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মূনীর চৌধুরী, শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা, ইউএনও মো. রাজিবুল ইসলাম, এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আক্তার হোসেন, এলজিইডি মাদারীপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
