বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুল-কলেজছাত্রসহ ৯ জন প্রাণ হারিয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও ৩৫ জন। এর মধ্যে গতকাল শনিবার চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা সবাই স্কুলছাত্র। গত শুক্রবার রাতে জামালপুর পৌর শহরের মনিরাজপুর এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়।
গতকাল বেলা ১টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। দুপুরে রাঙ্গামাটি শহরের প্রবেশমুখ ভেদভেদী বাজারে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। বিকেলে মাদারীপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারী প্রাণ হারিয়েছেন। মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক রিকশাচালক নিহত হন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মিরসরাইয়ে প্রাণ গেল তিন স্কুলছাত্রের : চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা সবাই স্কুলছাত্র। এ সময় আহত হয়েছে আরও একজন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. আকিব (১৪), মৃত আবুল কাশেমের ছেলে ও একই স্কুলের দশম শ্রেণির ছাত্র জনি (১৬), অপরজন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ও মুসলিম উচ্চবিদ্যালয়ের ছাত্র ইমাম হোসেন (১৫)। মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, মোটরসাইকেলের চার আরোহী ছিল হেলমেটবিহীন। তাদের সবার মাথা ও মুখম-ল মারাত্মক জখম হয়। তিনি জানান, ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ড ভ্যানটি আর পাওয়া যায়নি।
জামালপুরে কলেজছাত্র নিহত : জামালপুর পৌর শহরের মনিরাজপুর এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. কাওসার আহম্মেদ (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মনিরাজপুর এলাকায় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আব্দুল্লাহ আল আমিন (২৫), মো. আতিকুর রহমান লিমন (২৪) ও রিফাত (১৬) নামের তিনজন আহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাওসার আহম্মেদ ও রিফাত নিজ বাড়ি চন্দ্রা উত্তরপাড়া থেকে মোটরসাইকেলে করে বিসিক শিল্পনগরীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আব্দুল্লাহ আল আমিন ও মেডিকেল কলেজশিক্ষার্থী আতিকুর রহমান লিমন মোটরসাইকেলে করে ছাত্রাবাসে ফেরার পথে মেডিকেল কলেজের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে কাওসার আহম্মেদ, রিফাত, ইন্টার্ন চিকিৎসক আব্দুল্লাহ আল আমিন ও মেডিকেল কলেজশিক্ষার্থী আতিকুর রহমান লিমন গুরুতর আহত হন। পরে ওই মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওসার আহম্মেদকে মৃত ঘোষণা করেন।
কুমারখালীতে নিহত ১ : কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আওয়ামী লীগের দুই নেতাসহ আহত হয়েছেন আরও চারজন। নিহত ব্যক্তির নাম আব্দুস সামাদ (৬৫)। গতকাল বেলা ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের বাটিকামারা এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে আওয়ামী লীগের দুই নেতা আহত হন। একই সময় আব্দুস সামাদ বাইসাইকেল চালিয়ে আঞ্চলিক মহাসড়ক পার হয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের সামনে অবস্থিত চিড়ার মিলে যাচ্ছিলেন। সেসময় একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। এতে সামাদ, মোটরসাইকেলচালক লিপু ও আরোহী জসিম আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামাদ।
মাদারীপুরে নারী নিহত : মাদারীপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মলিনা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মলিনা বেগম পটুয়াখালী জেলা সদরের ঠেঙ্গাই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি বালুবাহী ট্রাক বরিশালে অপরদিক থেকে সাকুরা নামের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে সমাদ্দার এলাকায় এলে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী মারা যান। গুরুতর আহত ৭ জনসহ কমপক্ষে ২০ জনকে মাদারীপুর সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় সাকুরা পরিবহন ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার ফলে ১ ঘণ্টার মতো সব ধরনের পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়।
রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ : রাঙ্গামাটি শহরের প্রবেশমুখ ভেদভেদী বাজারে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পরিমিলা চাকমা (৪৫) ও গুরিমালা চাকমা (৫৫)।
অটোরিকশাটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। বেগতিকভাবে বাসটি এসে সিএনজিকে ধাক্কা দেয় বলে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পারি বাসটি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। আমরা ঘটনাস্থল থেকে বাসটি আটক করি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মুন্সীগঞ্জে রিকশাচালক নিহত : মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। তার নাম ফরিদ (৪৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। ফরিদ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাজিম বাজার গ্রামের খোকা মিয়ার ছেলে বলে জানা গেছে।
গতকাল শনিবার গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের বাসিন্দা পেশায় মাছ ব্যবসায়ী রঞ্জিত ও পরিমল মাছ বিক্রি শেষে বেলা সাড়ে ৩টার দিকে রিকশা নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে ধাক্কা দিয়ে রোড ডিভাইডারে উঠে গেলে রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়।
