প্রথম বারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের তত্ত্বাবধানে সরকারিভাবে সিএপিডি (Continuous Ambulatory Peritoneal Dialysis) চালু করা হয়েছে। সিএপিডি'র মাধ্যমে দুর-দূরান্তের কিডনি রোগীরা নিজেরাই ঘরে বসে ডায়ালাইসিস করতে পারবেন।
চমেক কর্তৃপক্ষ জানিয়েছে, সিএপিডি রোগীদের সচরাচর হাসপাতালে ভর্তি করা বা ডায়ালাইসিস সেন্টারে আসার প্রয়োজন নেই । এ ছাড়া ডায়ালাইসিস মেশিনজনিত বিভিন্ন ধরনের জটিলতা থেকে রোগীদের পরিত্রাণ পাওয়া যায়। ইতিমধ্যে সারা বিশ্বের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সিএপিডি'র বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। অদূর ভবিষ্যতে চট্টগ্রাম শহর থেকে দূরবর্তী স্থানের রোগীদের মাঝে এই পদ্ধতি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং রোগীদের মাঝে গ্রহনযোগ্যতা তৈরি করবে। প্রথমবারের মতো ডায়ালাইসিস'র এই পদ্ধতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় আরেকটি নতুন দিগন্তের সূচনা করবে।
