চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের উত্তরে মসজিদের পাশে পিএবি সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটির মালিক কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাটের বাচা কোম্পানি। চট্টগ্রাম শহর থেকে পিএবি সড়কে বাসটি চলাচল করত। দিনভর যাত্রী টানার পর রাতে বাসটি সেখানে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ভোরে দুর্বৃত্তরা এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রাতুল হাসান জানান, আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, হঠাৎ একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাসটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
