স্বাস্থ্য খাতে জনবল সঙ্কট কাটাতে সময় লাগবে: স্বাস্থ্যমন্ত্রী 

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম

স্বাস্থ্য খাতে জনবল ঘাটতি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এই সমস্যা মেটাতে সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

তিনি বলেন, আগে হাসপাতালে ৩০ হাজার বেড ছিল, এখন ৭০ হাজার হয়েছে। ৭০ হাজার বেডকে পরিচালিত করতে হয়। মেডিকেল কলেজসহ নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, প্রশিক্ষিত জনবল দরকার, এটার ঘাটতি আছে। আমরা চেষ্টা করছি ঘাটতিগুলো কমিয়ে আনতে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহিদ মালেক। বাংলাদেশ কালাজ্বর ও ফাইলেরিয়ামুক্ত হওয়ার বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হৃদরোগ, কিডনি জটিলতা, ক্যানসার, স্ট্রোকের মত অসংক্রামক ব্যাধি দেশে বেড়ে যাচ্ছে। অসংক্রামক ব্যধির চিকিৎসা ব্যবস্থা এটা একটা চ্যালেঞ্জ, এগুলো মোবাকিলায় আমরা কাজ করে যাচ্ছি। চার হাজার কোটি টাকা ব্যয়ে আটটি নতুন হাসপাতাল তৈরি হচ্ছে। 

তিনি বলেন, স্বাস্থ্যসেবা ভালো আছে বিধায় পোলিও, টিটেনাস, ফাইলেরিয়া, কালাজ্বর নির্মূল হয়েছে। জেলা-উপজেলা হাসপাতালগুলো উন্নত হয়েছে। মেডিকেল কলেজ ৫টি থেকে ৩৭টি হয়েছে। আইসিইউয়ের সংখ্যা ৫০০ থেকে ১৫০০ হয়েছে।

চিকিৎসা সেবায় ব্যয় বেড়ে যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহিদ মালেক বলেন, এটি আমি আংশিক গ্রহণ করতে পারি। কারণ সরকারি হাসপাতালে ৭০ শতাংশ মানুষ বিনামূল্যে সেবা নিয়ে থাকেন।

কালাজ্বর নির্মূল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিন বছরের তথ্য-উপাত্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দিয়েছিল বাংলাদেশ। সেসব তথ্য যাচাই-বাছাই করে তারা বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে কালাজ্বরমুক্ত ঘোষণা করেছে। উপজেলা পর্যায়ে প্রতি ১০ হাজারে একজনের কম রোগী হলে রোগটি নির্মূল হয়েছে বলে বিবেচনা করা হয়। বাংলাদেশ সেই যোগ্যতা অর্জন করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫ মে বাংলাদেশকে ফাইলেরিয়ামুক্ত ঘোষণা করা হয়েছে। এই সাফল্যে বাংলাদেশ বিশ্বের আঠারোতম এবং এশিয়ার চতুর্থ দেশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত