জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবক আত্মহত্যার করেছেন। সোমবার (৬ নভেম্বর) দুপর ২টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার আবদুর রহমানের ছেলে।
জানা যায়, আশরাফুল ইসলাম দুপুর ২টার দিকে তার নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। তিনি স্ট্যাটাসে লিখেন ‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য।’ এরপরই বাড়ির পাশে একটি বেগুনের ক্ষেতে গিয়ে বিষপান করেন তিনি। বাড়ির লোকজন ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরিস্থিতি গুরুতর হয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘কি কারণে এমন স্ট্যাটাস দিয়েছেন, আবার বিষপান করেছেন তা খতিয়ে দেখা হবে।’
