রাজধানীর মগবাজার ওয়ারলেস গেটে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাস চাপায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম শাহজালাল মন্টু (৬০)। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২ জনে। মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহজালালের বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভিরচর গ্রামে। তার প্রতিবেশী মঞ্জুরুল হক জানান, বর্তমানে কাকরাইলে থাকতেন শাহজালাল। প্যাকেজিং এর ব্যবসা করতেন তিনি। এর আগে সোমবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল হক জানান, মগবাজার ওয়ারলেস গেট মেইন রোডে মঞ্জিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা, সবজির ভ্যানসহ বেশ কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে কয়েকজন আহত হন। গুরুতর ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়নাল হাওলাদার (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মঞ্জিল পরিবহন যাত্রীবাহী বাসটি মগবাজার ফ্লাইওভার থেকে নেমে মৌচাকের দিকে যাচ্ছিল। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
এদিকে নিহত আয়নালের বড় ভাই শাহজাহান হাওলাদার জানান, তাদের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার মধুরচর গ্রামে। বর্তমানে স্ত্রী সেলিনা বেগম (৩০), দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে খিলগাঁওয়ে থাকতেন। মালিবাগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন আয়নাল। সোমবার বিকালে এক আত্মীয়কে দেখতে হলি ফ্যামিলি হাসপাতালে গিয়েছিল আয়নাল ও স্ত্রী সেলিনা বেগম। সেখান থেকে বিকেলে রিকশা যোগে বাসায় ফিরছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হয়ে আয়নাল মারা যান। গুরুতর আহত তার স্ত্রী মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন।
