খুলনা কারাগারে ধারণক্ষমতা ৬৭৮ বন্দি ১৫২৮

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:০৬ এএম

খুলনা জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা ৬৭৮। বর্তমানে বন্দি রয়েছে ১ হাজার ৫২৮ জন, যা ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। এ ছাড়া প্রতিদিনই গড়ে বাড়ছে ৪০ আসামি। জামিনে ছাড়া পাচ্ছেন কম। ফলে বন্দির সংখ্যা বাড়ছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, বন্দি বেশি হলেও গরম কম থাকায় তারা কিছুটা স্বস্তিতে আছে।

খুলনা কারাগার সূত্রে জানা গেছে, ১৯১২ সালে ভৈরব নদের তীর ঘেঁষে ১০ দশমিক ৬২ একর জমির ওপর খুলনা জেলা কারাগার স্থাপিত হয়। কারাগারের ধারণক্ষমতা ৬৭৮ জন। গত সোমবার সেখানে ১ হাজার ৫২৮ জন বন্দি ছিল। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪৮৯ এবং নারী ৩৯ জন।

খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন জানান, হরতাল ও আবরোধকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগরী ও জেলার থানাগুলোতে ১৬টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিন শতাধিক নেতাকর্মীকে। তারা বন্দি আছেন।

অবশ্য খুলনা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, প্রতিদিন গড়ে ৪০ জন আসামি কারাগারে আসে। তবে কারাগারে ধারণক্ষমতার বেশি বন্দি হলেও বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না। কারণ এখন গরম কম। ফলে তারা কিছুটা হলেও স্বস্তিতে আছে।

খাবারের বিষয়ে জেল সুপার বলেন, ঠিকাদারের সঙ্গে সমন্বয় করে খাবার পরিবেশন করা হচ্ছে। তবে হঠাৎ বন্দি এলে তাৎক্ষণিক খিচুড়ি খাওয়ানো হয়। আর কারাগারে মশারি ব্যবহৃত হয় না। সে কারণে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেন, ‘ধারণক্ষমতার অনেক বেশি কয়েদি থাকে জেলা কারাগারে। এতে কয়েদিরা ঠিকমতো শোয়ারও সুযোগ পায় না।’ অপরাধী হলেও তাদের ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত