গাজীপুরে তেলের দোকানে ব্যবসায়ীর মরদেহ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০১:১৩ এএম

গাজীপুর মহানগরীর নাওজোর এলাকার একটি তেলের দোকান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রহিম মিয়া (৩৫) নামের ওই যুবক দোকনটির মালিক ছিলেন। পুলিশ বলছে, তার মাথা ও মুখের ক্ষত চিহ্ন ছিল।

বাসন থানা পুলিশ জানিয়েছে, রহিম মিয়ার বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি নাওজোর এলাকার জনৈক আরিফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই এলাকায় একটি দোকান দিয়ে খুচরা তেল বিক্রি করতেন। গতকাল রাত সাড়ে ৭টার দিকে স্থানীয়রা তাকে দোকানের মধ্যে মৃত দেখতে পান। পরে পুলিশে খবর দিয়ে লাশ উদ্ধার করা হয়।

বাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি কোনো দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ড হলে কারা কী কারণে ঘটিয়েছে তা-ও তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত