উপজেলায় দরকার ২০ চিকিৎসক, আছেন ৫ জন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৪ এএম

দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও অর্জনের সঙ্গে ঘাটতিও আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমাদের অর্জনের সঙ্গে ঘাটতিও আছে। উপজেলাগুলোতে জনবল কম। সেখানে চিকিৎসক-নার্সরা কম থাকতে চান। একটা উপজেলায় পাঁচ লাখ মানুষ বাস করে। সেখানে প্রয়োজন ২০ জন চিকিৎসক। কিন্তু থাকেন মাত্র পাঁচজন। এতে করে সেখানে চিকিৎসা অপ্রতুল হয়ে যায়।’

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ডক্টর’স কোয়ার্টার্সসংলগ্ন নবনির্মিত স্টাফ কোয়ার্টার উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় দেশের সরকারি হাসপাতালে মানুষের প্রতিদিন চিকিৎসা নিতে আসার আগ্রহ বাড়ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হিসাব অনুযায়ী দেশের শুধু সরকারি হাসপাতালগুলোতেই মাসে গড়ে ৩৬ কোটি মানুষ সেবা নিচ্ছে। সব হাসপাতালের বেড দ্বিগুণের বেশি করার পরও মানুষ জায়গা না পেয়ে ফ্লোরেও চিকিৎসা নিচ্ছে। গত পাঁচ বছরে ১৬ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। অথচ এর আগের বিগত ৪৫ বছরে চিকিৎসক ছিলেন মাত্র ১৫ হাজার। নার্স নেওয়া হয়েছে ২০ হাজার, অন্যান্য পদেও হাজার হাজার লোক নেওয়া হয়েছে। নতুন করে অনেক ইনস্টিটিউট, হাসপাতাল, মেডিকেল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত