নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল (৬৫) ও একই উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর মাইজদী কোর্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান অভিযোগ করে বলেন, পুলিশ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নোয়াখালীতে গণগ্রেপ্তার চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় সোনাইমুড়ী উপজেলা বিএনপির সভাপতি কামাল আদালতে হাজিরা দিতে এলে তাকে গ্রেপ্তার করে। একই সময়ে সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেলকেও গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের মুক্তি দাবি করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি আনোয়ারুল হক কামালের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। তবে রুবেল ভূঁইয়ার বিরুদ্ধে কোনো মামলা আছে কী না তা জানাতে পারেনি পুলিশ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। রুবেল ভূঁইয়া এখনও থানায় পৌঁছেনি। আগামীকাল তাকেও কোর্টে প্রেরণ করা হবে।
