কুমিল্লার মেঘনা উপজেলায় সহকারী কমিশনার (এসি ল্যান্ড) লিটন চন্দ্র দেকে গালাগাল ও সার্ভেয়ার এনামুল কবিরকে হত্যাচেষ্টার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সেলিম মিয়াকে আসামি করে মামলা হয়েছে।
গতকাল বুধবার সার্ভেয়ার এনামুল কবির বাদী হয়ে মেঘনা থানায় এ মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত সোমবার ওই দুই নেতা মেঘনা উপজেলা ভূমি অফিসে বাদীর কক্ষে প্রবেশ করে হুমকি-ধমকি দিয়ে একটি নামজারি মামলার বিষয়ে জানতে চায়। তখন মামলাটির বিষয়ে বলা হলেও তারা তাকে ও সহকারী কমিশনারকে (ভূমি) গালাগাল শুরু করে। একপর্যায়ে ওই দুই নেতা টেবিলে থাকা ফাইল সেলাইয়ের চোখা যন্ত্র দিয়ে বাদীর চোখে আঘাত করার চেষ্টা করে। পরে তারা সার্ভেয়ার এনামুল কবিরকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
তবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নির্বাচন করার সময় থেকেই আমার বিরোধিতা করেন এসি ল্যান্ড। এরপর থেকে যেহেতু আমি দলিল লেখক তাই মাঝে মাঝে খারিজ করতে গেলে অনাহুত ঝামেলা করে, যা প্রতিহিংসার শামিল। আমার সম্মান ক্ষুন্ন করার জন্য এ মামলা করা হয়েছে।
সেলিম মিয়া বলেন, ‘খারিজের একটি বিষয় নিয়ে আমরা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে যাই। অনেক দিন হওয়ার পরও কাজ না হওয়ার ব্যাপারে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে কিছুটা কথা কাটাকাটি হয়। এই বিষয় নিয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে এ মামলা করা হয়েছে।’ মেঘনা থানার ওসি মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়া চলছে।’
