চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে পাগলা হাতির আক্রমণে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। তারা হলেন উপজেলার লক্ষীপুর গ্রামের বুলবুল হোসেনের ছেলে মুফাসসির (১২) ও রাজশাহীর তানোর উপজেলার ধামধুম গ্রামের ললিতের ছেলে রামপদ (৪৫)।
নাচোল থানার ওসি মিন্টু রহমান জানান, হাতি দিয়ে হাট-বাজারে টাকা তোলা কয়েকজন ব্যক্তি গতরাতে মানিকড়া গ্রামের একটি আমবাগানে দুটি হাতি বেঁধে রেখে ঘুমিয়ে যায়। ভোর সাড়ে ৬টার দিকে হাতি দুটি ছুটে গিয়ে ওই এলাকার মানুষকে তাড়া শুরু করে। এতে শিশু মুফাসসিরসহ কয়েকজন আহত হয়।
পুলিশ জানায়, একটি হাতি মুফাসসিরকে শুঁড় দিয়ে ধরে বিদ্যুতের পোলে আছাড় দেয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাতির আক্রমণে আহত রামপদ বিকেলে একই হাসপাতালে মারা যান।
হাতি দুটির একটিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকা থেকে স্থানীয়রা আটক করলেও অন্যটিকে সন্ধ্যা পর্যন্ত আটক করা যায়নি। হাতি আটকের জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি।
