মৌলভীবাজারে সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে রেজাউল করিম নাঈম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষীজোড়া গ্রামে ঘটনাটি ঘটে। নাঈম ওই এলাকার চেরাগ মিয়ার ছেলে।
এ ঘটনায় সোহান নামে একজনকে গ্রেপ্তার করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে রেজাউল করিম নাঈমের (৩০) সঙ্গে পাশের বাড়ির রনির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ও তার বাবা নুরুল মিয়াসহ কয়েকজন মিলে রেজাউলকে ধরে নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে তাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
খবর পেয়ে নাঈমের পরিবার রনির ঘর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনূর রশিদ চৌধুরী জানান, এ ঘটনায় সোহান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
