প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে’ যোগদান এবং পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে গতকাল বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় বিমান প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৫৪ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রী ৫ নভেম্বর মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং মদিনার মসজিদ আল-নববিতে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং আসরের নামাজের পর সেখানে ফাতেহা পাঠ করেন। একই দিনে তিনি মদিনা ছেড়ে মক্কায় পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী এশার নামাজের পর আল মসজিদ আল-হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করেন।
গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী ইসলামে নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।
সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন।
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে সৌদি আরব ৬-৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করে। বাসস
