চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের টোল বক্স এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বাসটির বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আনোয়ারার বাসিন্দা। তবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় এক বাসযাত্রীর মৃত্যু এবং ১৫ জন আহত হয়। পরে কুইক রেসপন্স টিম রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম জানান, আহত বাসযাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
