আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন (ডেমরা-যাত্রাবাড়ী) থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এশিয়ান গ্রুপের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন-উর-রশীদ নির্বাচনী শোডাউন করেছেন। গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যাত্রাবাড়ী ও ডেমরা থানা এলাকায় বিশাল গাড়িবহর নিয়ে এই নির্বাচনী শোডাউন হয়। যাতে অংশ নেন কয়েক হাজার মানুষ। গাড়িবহরের ট্রাক ও পিকআপ ভ্যানগুলো বাদ্যযন্ত্রসহ সরকারের বিভিন্ন উন্নয়নচিত্রের ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত ছিল।
শোডাউনের বহর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোড থেকে শুরু করে যাত্রাবাড়ী থানার সামনে দিয়ে শনির আখড়া-সাইনবোর্ড-চিটাগাং রোড-সারুলিয়া-স্টাফ কোয়ার্টার-কোনাপাড়া বাসস্ট্যান্ড-ভাঙ্গাপ্রেস-যাত্রাবাড়ী চৌরাস্তা হয়ে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে গিয়ে হারুন-উর-রশীদের বাসভবনের সামনে গিয়ে থামে। সেখানে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। শোডাউনে ৫০০’র বেশি মোটরসাইকেল, ২০টি পাজেরো জিপ, ২০টি মাইক্রোবাস, ৩০টি প্রাইভেট কার, ৬০টি ট্রাক ও পিকআপ ভ্যান এবং প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেয়। শোডাউন ও শোভাযাত্রা শেষে দেওয়া বক্তব্যে হারুন-উর-রশীদ বলেন, তিনি দলের মনোনয়ন পেলে এই আসন থেকে বিজয়ী হবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আর নির্বাচিত হলে এই সংসদীয় আসনে আগের যেকোনো জনপ্রতিনিধির চেয়ে বেশিসংখ্যক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন। এ ছাড়াও তিনি মনোনয়ন পান আর না পান যতদিন বেঁচে আছেন ততদিন এই সংসদীয় আসনের সাধারণ মানুষের পাশে থাকবেন বলে কথা দেন।
