গাজায় হত্যার প্রতিবাদে সমাবেশ এমজেএফের

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০২:৩৭ এএম

ফিলিস্তিনের গাজায় নির্বিচারে শিশু, নারী ও নিরীহ জনগণ হত্যার প্রতিবাদে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও সমমনা সংগঠনগুলো প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তারা এই কর্মসূচি পালন করে। সমাবেশের শুরুতে বিবৃতি পাঠ করেন এমজেএফের কর্মসূচি সমন্বয়কারী রুমা সুলতানা।

প্রতিবাদ সমাবেশে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘আমি একটা দুঃখের কথা বলতে চাই। সারা বিশে^ লাখ লাখ মানুষ প্রতিবাদ করছে কিন্তু আমাদের দেশে কোনো প্রতিবাদ নাই। আমাদের জনগণ এত নীরব কেন? কেন মানুষের বিবেক জাগ্রত হচ্ছে না? তা ছাড়া, প্রতিদিন টেলিভিশনের সামনে বসলেই আমরা কাফনে মোড়ানো শিশুদের মরদেহ আর মায়েদের আর্তনাদ দেখি। মানুষ গৃহহারা, হাসপাতাল ভেঙে পড়ছে, স্কুল ভেঙে পড়ছে। এসব দৃশ্য আর মেনে নেওয়া যাচ্ছে না। কেন আমরা প্রতিবাদ করছি না?’

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমাদের আগের তিন প্রজন্ম যুদ্ধের ভয়াবহতা দেখেছে। কিন্তু বর্তমান প্রজন্মকেও যে এমন নৃশংসতা দেখতে হবে তা কল্পনা করা যায় না। আমরা চাই দ্রুত এই যুদ্ধের অবসান হোক।’

আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার বলেন, ‘মানবাধিকার সংস্থাগুলো কোথায়? তারা এখন নীরব কেন? ফিলিস্তিনে যা হচ্ছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা চাই ফিলিস্তিন একটি মুক্ত ও স্বাধীন রাষ্ট্র হোক।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের প্রতিনিধি সিদুল, কর্মজীবী নারীর প্রতিনিধি সানজিদা খানম, আভাস-এর রিজুল এবং তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার প্রতিনিধি শামীমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত