গত ১৭ অক্টোবর কামরাঙ্গিরচর এলাকায় চামড়া ব্যবসায়ী রমজান ওরফে পেট কাটা রমজান নামের একজনকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ আজ রবিবার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
হারুন-অর-রশীদ গণমাধ্যমকে বলেন, কামরাঙ্গিরচরে মাদক ব্যবসার দ্বন্দ্ব, জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। কামরাঙ্গিরচরে দুটি গ্রুপ ছিল। একটি গ্রুপের নেতৃত্ব দিতেন মনির ওরফে পিচ্চি মনিরের ছোট ভাই মঞ্জুর হোসেন। অন্য গ্রুপের নেতৃত্বে ছিলেন নিহত পেট কাটা রমজান।
তিনি বলেন, ২০১৭ সালে পেট কাটা রমজান গ্রুপের রুবেল এবং বিয়ার সালাউদ্দিন মনিরের ভাই মঞ্জুরকে হত্যা করেন। পরবর্তীতে এ বছরের ১৭ অক্টোবর কামরাঙ্গিরচরে মঞ্জু গ্রুপের সদস্যরা রমজানকে ৫টি গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
সেই মামলার তদন্তভার ডিবি লালবাগের কাছে আসে বলে জানান ডিবি প্রধান হারুন। তিনি বলেন, আমরা তদন্ত করে প্রথমে মূল শুটার ও সম্বন্বয়কারীসহ ৫ জনকে গ্রেপ্তার করি।
ডিবির প্রধান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাব্বি, আলী হোসেন এবং সাগর নামের ৩ জন সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণ করে। এছাড়া এ কাজের পরিকল্পনা ও হুকুমদাতা ছিল জুয়েল এবং রাজু।
উল্লেখ্য, রাজধানীর কামরাঙ্গিরচর ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে গতকাল শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মূল শুটার গোলাম রাব্বি ওরফে টাইগার রাব্বি ও তার সহাযোগী আলী হোসেন, সাগর এবং মূল পরিকল্পনাকারী ও হুকুমদাতা জুয়েল মাহমুদ ওরফে ভ্যাটকা জুয়েল এবং তার সহযোগী রাজু আহম্মেদ ওরফে শিবলু।
