বিএনপি নেতা ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০২:১৯ এএম

নওগাঁর রাণীনগরের পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা জাহিদুর রহমান জাহিদকে (৪৪) কুপিয়ে গুরুতর জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গতকাল রবিবার সকালে পারইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে। রামদা, ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে জাহিদকে কোপায় দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পারইল ইউনিয়ন পরিষদের সচিব তরিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যানের কক্ষে তার উপস্থিতিতে এক সেবাপ্রত্যাশী কথা বলছিলেন। এ সময় অপরিচিত এক লোক এসে চেয়ারম্যানের সঙ্গে একা কথা বলতে চায়। তখন সবাই বের হয়ে গেলে বাইরে অবস্থান করা চার-পাঁচজন মাথায় হেলমেট পরে রামদা, হাঁসুয়া, ছুরি নিয়ে ঢুকে চেয়ারম্যানের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করে দেয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে এলাকাবাসীর সহযোগিতায় চেয়ারম্যানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ দেশ রূপান্তরকে বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত চেয়ারম্যানের ওপর হামলা করে পালিয়ে গেছে। কী কারণে চেয়ারম্যানের ওপর হামলা হয়েছে তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত