শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০২:৪১ পিএম

শরীয়তপুর সদরে মোটরসাইকেল-মাহিন্দ্রা ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার সকালে উপজেলার আংগারিয়া-বিনোদপুর সড়কের রঙের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আমল হাওলাদার (২২) উপজেলার তুলাসার ইউনিয়নের বাইশরশ্মি মৃধাকান্দি এলাকার আলম হাওলাদারের ছেলে। তিনি শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আর আহত রমজান মুন্সি একই এলাকার মৃত বোরহান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু শরীয়তপুর শহরের দিকে যাচ্ছিলেন। আংগারিয়া-বিনোদপুর সড়কের রঙের বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আমল ও রমজান আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমল হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন। আর আহত রমজান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আর ঘাতক মাহিন্দ্রা ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছেন, তাকে খুঁজছে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত