অজ্ঞাত ব্যক্তির লাশ কাঁধে তুলে দাফন করল পুলিশ-ছাত্রলীগ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০২:০৯ এএম

কুড়িগ্রামের রাজিবপুরে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান ছাত্রলীগের এক নেতা ও রাজিবপুর থানা পুলিশ। শুধু তাই নয় চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা গেলে তার মরদেহ কাঁধে তুলে নেওয়াসহ নামাজে জানাযা ও দাফনে সার্বিক সহযোগিতা করেছেন তারা। ওই ছাত্রলীগ নেতার নাম সাইদুর রহমান। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার সবুজ বাগ কবরস্থানে ওই অজ্ঞাত ব্যক্তিকে দাফন করা হয়। 
একজন অজ্ঞাত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা, পড়ে মারা গেলে তার দাফন কাজ সম্পূর্ণ করায় প্রশংশায় ভাসছেন পুলিশ ও ছাত্রলীগ নেতা। 

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এক অজ্ঞাতনামা অসুস্থ ব্যক্তিকে। পরে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ব্যক্তির চিকিৎসা থেকে শুরু করে দাফন সম্পন্ন করা পর্যন্ত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান। এ কাজে সার্বিক সহযোগিতা করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম। আরও সহযোগিতা করেন রাজিবপুর উপজেলা যুবলীগের কর্মী হাফিজুর রহমান হাফিজ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, হামিদুল, সুমন, জুয়েল রানা, সারোয়ার হোসেন ও নাছির উদ্দীন।

রাজিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইদুর রহমান বলেন, আমি রাজনীতি করলেও সবসময় সামাজিক কাজের সঙ্গে লেগে থাকি। মানবিকভাবে মনে হয়েছে কাজটি করার দরকার, তাই করা। এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। আমরা যখন থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি, কথা বলার মতো অবস্থা ছিল না তার।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, মোহনগঞ্জ এলাকা থেকে 
অজ্ঞাতনামা এক ব্যক্তিকে রবিবার উদ্ধার করে নিয়ে আসে সামাজিক সংগঠনের কর্মীরা। পরে বিষয়টি জানার পর আমি ও ছাত্রলীগের কর্মীরা মিলে তার চিকিৎসার ব্যবস্থা করি। পরে চিকিৎসাধীন অবস্থায় লোকটি মারা গেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত