যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হলেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের প্রস্থান হবে (ব্রেক্সিট) কী হবে না, এই ইস্যুতে গণভোটে হেরে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন। এরপর গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রিসভা রদবদল করলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদে ফিরলেন। তার এমন ফিরে আসার ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছেন। গতকাল ব্রিটিশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে ডেভিড ক্যামেরনের নিয়োগের খবর দেওয়া হয়। গতকাল ঋষি সুনাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ থেকে সুয়েলা ব্রাভারম্যানকে সরিয়ে দায়িত্ব তুলে দেন জেমস ক্লেভারলিকে। তিনি আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভার সামলেছেন। এরপরই শোনা যায়, ডেভিড ক্যামেরনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দিচ্ছেন সুনাক।
৫৭ বছর বয়সী ক্যামেরন ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে যুক্তরাজ্যের জনগণ ব্রেক্সিটের পক্ষে রায় দিলে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ক্যামেরন। গণভোটের সময় তিনি ইইউতে থেকে যাওয়ার পক্ষে প্রচার চালিয়েছিলেন। এত দিন স্মৃতিকথা লিখে এবং ব্যবসা পরিচালনা করে তিনি সময় কাটাচ্ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ক্যামেরন লেখেন, ‘আমি সাত বছর ধরে সম্মুখসারির রাজনীতির বাইরে থাকলেও, তবে আমি প্রত্যাশা করছি, ১১ বছর ধরে আমি একজন রক্ষণশীল নেতা হিসেবে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং ছয় বছরে প্রধানমন্ত্রী থাকাকালে যা অর্জন করেছি তা আমাকে দায়িত্ব পালনে সহায়তা করবে।’
