বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রনি ও সরকারি হাতেম আলী কলেজের ছাত্রদলের সদস্য সাচিব আহাদ হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার স্ব-রোডের ময়ফুল মঞ্জিলের তিন তলা থেকে তুলে নেওয়া হয় রনিকে। একই এলাকার অপর একটি বাসা থেকে তুলে নেওয়া হয় আহাদকে।
বিষয়টি নিশ্চিত করে রেজাউল করিম রনির মা রাশিদা জাহান বলেন, ‘ভোর ৪ টার দিকে স্ব-রোডের আমার বোনের বাসা থেকে রনিকে আইনশৃঙ্খলা বাহিনী র্যাবের পোশাক পরিহিত দুই জনসহ সাদা পোশাকের বেশ কয়েকজন মিলে আমার ছেলেকে চোখ বেঁধে নিয়ে যায়। এ সময় ওই বাসায় রনির খালাতো ভাই সায়েম উপস্থিত ছিল। তখন অভিযান পরিচালনাকারিদের পরিচয় জানতে চাইলে তারা র্যাব ও ডিবি পুলিশের কার্ড দেখায়। ওই রাতের পর থেকে রনির আর কোনো খোঁজ মেলেনি।’
এদিকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দ্বায়িত্ব প্রাপ্ত মো. জাহিদুল রহমান রিপন দাবি করেন, রনিকে তুলে নেওয়ার সময় সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ ছাত্র দলের সদস্য সাচিব আহ্বাদ হোসেন আবিরকেও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নগরীর দপ্তর খানা থেকে তুলে নেওয়া হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, আমাদের পুলিশ সদ্যর মধ্যে কেউ অভিযান পরিচালনা করেনি। তাকে আমরা গ্রেপ্তারও করিনি। তবে কেউ অভিযোগ দিলে আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
