কিশোরগঞ্জের হোসেনপুরে এক সৌদিপ্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সৌদিপ্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা (৪২), তার বড় মেয়ে মোহনা (১১) ও ছোট মেয়ে বন্যা (৭)।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, স্বামী মঞ্জিল মিয়া সৌদিপ্রবাসী বলে জানতে পেরেছি। সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ এ বিষয়ে কাজ করছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।
তিনি আরও বলেন, ‘২০১৭ সাল থেকে মঞ্জিল মিয়া সৌদি আরবে থাকেন। আমরা প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরেছি এর মধ্যে তিনি দেশে আসেননি। স্ত্রী তাসলিমা একাই বাড়িতে বাচ্চাদের নিয়ে বসবাস করতেন। ঘরের ভেতরে আসবাবপত্র এলোমেলো বা জবরদস্তি করার কোনো আলামত পাওয়া যায়নি। দরজা ভেতর থেকে বন্ধ ছিল না। বড় মেয়ে মোহনার বান্ধবী তাকে খুঁজতে এসে দরজা ধাক্কা দিলে ঘটনাটি সামনে আসে। বিষয়টি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়নি। এটি হত্যাকা- কি না তা খতিয়ে দেখে পরে তা জানাতে পারব।’
