ডিএমপি কমিশনার

বিএনপির কার্যালয়ে নিজেরাই তালা মেরেছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:১৫ এএম

‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা মারেনি, তারা (বিএনপি) নিজেরাই তালা মেরে রেখেছে’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। গতকাল মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবরোধ চলাকালে অগ্নিদগ্ধ হওয়া রোগীদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘বিএনপি কার্যালয়ে তারা কেন আসেন না সেটা তারাই ভালো বলতে পারবেন। আমাদের পুলিশ সেখানে সবসময়ই থাকে নিরাপত্তার জন্য, একইভাবে এখনো সেখানে পুলিশ প্রহরা রয়েছে। তারা যদি এখানে আসেন, অফিস খুলে কার্যক্রম করেন আমাদের কোনো আপত্তি নেই বা কখনই ছিল না।’ তিনি বলেন, ‘অবরোধ কর্মসূচিতে নৃশংসভাবে মানুষকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। নাঈম নামে একজন পরিবহন শ্রমিককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়েছে। আহতরা অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এখানে যেসব পরিবহন শ্রমিকরা চিকিৎসাধীন তাদের আর্থিক সহায়তা দেওয়ার চিন্তা করেছি, তাদের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত