ভাইয়ের হাতে বোন স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১২:২১ এএম

কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে কালু মিয়া (৩৫) নামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন আমেনা বেগম (৩৮) নামে এক বোন। গত মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পৌর শহরের ভৈরবপুর চটানহাটি এলাকায়। আমেনা বেগম এবং কালু মিয়া ওই এলাকার আবদুল গফুর মিয়ার সন্তান।

ঘটনার পর থেকে কালু পলাতক। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত কালুকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি সফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমেনা বেগমের স্বামী নাঈম মিয়া প্রবাসী। আমেনা বাবার বাড়ির সম্পত্তি পাওয়ার পর একই বাড়িতে ঘর নির্মাণ করে তিন সন্তান নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার সন্ধ্যায় আমেনা বেগমের সঙ্গে ছোট ভাই কালু মিয়ার পারিবারিক বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে কালু মিয়া ধারালো ছুরি দিয়ে বোন আমেনাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

পরে স্বজনরা আমেনা বেগমকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠালে রাত ৮টার দিকে পথে নরসিংদী এলাকায় তিনি মারা যান।

অপরদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী বেদেনা বেগম (৫০) নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে উপজেলার ইচাইল গ্রামে পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত বেদেনা বেগম ওই গ্রামের অটোচালক রহুল আমিনের স্ত্রী। ঘটনার পর রুহুল পালিয়ে গেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ বছর আগে ইচাইল গ্রামের তহিজ উদ্দিনের ছেলে রহুল আমিনের সঙ্গে উপজেলা মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে বেদেনার বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকত। মঙ্গলবার রাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায় ভোরে রহুল ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত