ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়োটখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার মাসুদ রানাসহ (৪৫) দুইজন নিহত হয়েছেন। সে সাথে গুরুতর আহত হয়েছে আরও অন্তত ৯ জন।
দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আজ (১৭ নভেম্বর) শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সড়কের আইল্যান্ডে ধাক্কা লাগলে ওই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ শ্রীনগরের কেওটখালি এলাকার ঢাকামুখি লেনে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন দেশ রূপান্তরকে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আমাদের টিম। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১১ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দায়িত্বরত চিকিৎসক বাসের হেলপার মাসুদ রানাসহ দুই জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
