বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও নিজেকে পরিচয় দিতেন সিনিয়র সহকারী সচিব হিসেবে। আর সেই পরিচয়ে মানুষের সঙ্গে করতেন প্রতারণা। সেজন্য ভিজিটিং কার্ডও বানিয়েছেন। বলতেন, থানায় কোনো কাজ থাকলে এটি দেখালে কাজ হয়ে যাবে। কিন্তু শেষ রক্ষা হয়নি। একটি চায়ের দাওয়াতে এসে রফিকুল হক মিঞা (২৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানার ২ নম্বর সেকশনের পুলিশের অতিরিক্ত উপকমিশনারের (মিরপুর জোন) অফিস থেকে এই ভুয়া সিনিয়র সহকারী সচিব পরিচয় দানকারীকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রফিক একজন প্রতারক। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও নিজেকে পরিচয় দেন সিনিয়র সহকারী সচিব হিসেবে। ৩৫তম বিসিএস পাস করে তিনি বর্তমানে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে উপপরিচালক পদে আছেন বলেও দাবি করেন। এই পরিচয়ে তিনি ভিজিটিং কার্ডও ছাপান। থানায় কোনো প্রয়োজন হলে তার ভিজিটিং কার্ড দেখালে ‘কাজ হয়ে যাবে’ বলেন সবাইকে প্ররোচনা করতেন।
তিনি আরও বলেন, তার এমন কথা বিশ্বাস করেই বৃহস্পতিবার রাতে সেই ভিজিটিং কার্ড নিয়ে মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মাসুক মিয়ার কাছে আসেন আনু মিয়া নামে এক লোক। ভিজিটিং কার্ড দেখে রফিকের পরিচয় নিয়ে সন্দেহ হলে তাকে চা খাওয়ার দাওয়াত দিয়ে অতিরিক্ত উপকমিশনারের অফিসে ডাকা হয়।
এ কর্মকর্তা আরও জানান, রফিক আসার পর তার পরিচয়, কর্মস্থলসহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি অসংলগ্ন কথা বলা শুরু করেন। পরে তার কথিত কর্মস্থলে যোগাযোগ করা হলে এই নামে কেউ নেই বলে সেখান থেকে জানানো হয়। একপর্যায়ে রফিক মিথ্যা পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করলে তাকে গ্রেপ্তার করা হয়।
