সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ নিহত ৫

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:০২ এএম

ফরিদপুরের ভাঙ্গায় ডিজেলচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরের ওই দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন আরও চারজন। এ ছাড়া জেলার সালথা উপজেলায় পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও একজন। এদিন ময়মনসিংহের গৌরীপুর ও টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও দুজনের। দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত :

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে ভাঙ্গা থেকে একটি অটোরিকশায় করে ওই পাঁচ পুলিশ সদস্য ফরিদপুরে আসছিলেন। পুলিশবাহী গাড়িটি পুখুরিয়া বাসস্ট্যান্ডে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ, ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। এ দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যরা হলেন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ইসলাম ও কনস্টেবল নাসির হোসেন। আহত তিন পুলিশ সদস্য হলেন একই থানার কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াই চিং মারমা। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত দুজনের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অপরদিকে, ফরিদপুরের সালথায় ট্রাকচাপায় নজরুল মাতুব্বর (৪৫) নামের এক খামারি নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে ফরিদপুর-সালথা সড়কের দরগাগট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নজরুল মাতুব্বর গট্টি ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামের মৃত আজহার মাতুব্বরের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নিজ খামারের দুধ বিক্রি করতে মোটরসাইকেল নিয়ে সালথা বাজারে যান নজরুল ইসলাম। দুধ বিক্রির পর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

ময়মনসিংহের গৌরীপুর প্রতিনিধি জানান, জেলার গৌরীপুরে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শরীফ মিয়া (২৮) নামে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে গৌরীপুর টু শাহগঞ্জ সড়কে দারিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। মেলে ধান দিয়ে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের ঘাটাইল প্রতিনিধি জানান, সেখানে সড়ক দুর্ঘটনায় মো. মুক্তার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুক্তার দেউলাবাড়ি ইউনিয়নের দয়াকান্দি গ্রামের বাদশা মিয়ার ছেলে। একটি এনজিওর মানিকগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন মুক্তার। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় চালকসহ মোটরসাইকেলটি সরাসরি ট্রাকের পেছনে ঢুকে যায়। ঘাটাইল থানার ওসি মুহাম্মদ লোকমান হোসেন জানান, স্থানীয়রা প্রথমে মুক্তার হোসেনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থা আশঙ্কাজনক হলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত