মৌলভীবাজারে বাল্যবিয়ে থেকে বাঁচল শিশু

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:০৪ এএম

গতকাল শুক্রবার দুপুর ২টা। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের প্রবাসী আসুক মিয়ার বাড়িতে চলছে উৎসবের আমেজ। তার অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। বরপক্ষও চলে এসেছিল। ঠিক সেই মুহূর্তে উৎসবে ছন্দপতন। হানা দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বিয়ের আয়োজন প-সহ জরিমানা দিতে হলো উভয়পক্ষকে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামের প্রবাসী আসুক মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে পাবনা জেলার সুজানগর উপজেলার শাহীন আলমের অপ্রাপ্তবয়স্ক ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। দুপুর ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সেখানে হানা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। এ সময় বাল্যবিয়ে প- করে অপ্রাপ্তবয়স্ক মেয়ের মা তাহমিনা বেগমকে সাত হাজার টাকা এবং অপ্রাপ্তবয়স্ক ছেলের বাবা শাহীন আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাল্যবিয়ে প-সহ জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, এ রকম অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার উপস্থিত ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত