কচুরিপানা আটকে নদীতে যান চলাচল বন্ধ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০১:২৫ এএম

বিপুল পরিমাণ কচুরিপানায় আটকা পড়ে গেছে গাজীপুরের কালিয়াকৈরের ঘাটাখালী নদীর প্রবেশমুখ। কচুরিপানা আটকে অতি ঝুঁকির মুখে পড়েছে জরাজীর্ণ একটি সেতু। সেতুটি ভেঙে পড়াসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কচুরিপানা অপসারণে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এ ছাড়া, কচুরিপানার কারণে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে শিশুরা। অপরদিকে, নৌ চলাচল বন্ধ হয়ে বিপদে পড়েছেন নদীর পাড়ের মানুষজন। সবচেয়ে বেশি বিপাকে আছেন জেলে ও খেয়া পারাপারের মাঝিরা।

সরেজমিনে খোঁজ নিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তুরাগ নদীর শাখা নদী ঘাটাখালী। এই নদী দুটোকে কেন্দ্র করে কালিয়াকৈর বাজার এলাকায় গড়ে উঠে এক সময়ের ঐতিহ্যবাহী খেয়াঘাট। ওই খেয়াঘাট থেকে উৎপত্তি হয়ে উপজেলার দরবাড়িয়া এলাকায় বংশাই নদীতে সংযুক্ত ঘাটাখালী নদী। রাজধানী ঢাকার সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ সহজ ও কম দূরত্বের হওয়ায় নৌ চলাচলে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো এ নদী। বর্তমানে দখল ও দূষণে ধুঁকছে ঘাটাখালী নদী। অপরদিকে, উপজেলাবাসীর সহজ যোগাযোগের লক্ষ্যে ওই খেয়াঘাটের পাশেই এ নদীর ওপর একটি সরু ব্রিজ নির্মাণ করে তৎকালীন সরকার। মূলত হেঁটে চলাচলের জন্যই ব্রিজটি নির্মাণ করা হলেও কালের বিবর্তনে এখন অটোরিকশাও চলাচল করে। ব্রিজের ওপর দিয়ে চলাচল করে কালিয়াকৈর, টানকালিয়াকৈর, সৈয়দপুর, গাবতলী, রাজাবাড়ী, দীঘিবাড়ী, বাঁশতলী, কালিয়াদহ, বড়ইবাড়ী, সাহেবাবদ, জানেরচালাসহ প্রায় অর্ধশত গ্রামের মানুষ। বছরখানেক আগে এই সরু ব্রিজে আঘাত হানে বালুবাহী বড় টলার। তখন নড়েচড়ে বসে ব্রিজটি।

জরাজীর্ণ এ ব্রিজে এখন নতুন করে আবার আঘাত হানছে কচুরিপানা। ব্রিজের নিচ থেকে খেয়াঘাট পর্যন্ত বিপুল পরিমাণ কচুরিপানায় ঢাকা পড়ে গেছে। কচুরিপানা আটকে অতি ঝুঁকিতে রয়েছে জরাজীর্ণ ব্রিজটি। আর ব্রিজটি ভেঙ্গে পড়াসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও কচুরিপানা অপসারণে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ কচুরিপানার ওপর হাঁটাহাঁটি ও খেলাধুলা করা শিশুরাও যেকোনো সময় নদীর পানিতে ডুবে যাওয়ার ঝুঁকিতে আছে।

এ ছাড়া, নৌ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে বিপাকে পড়েছেন নদীপাড়ের মানুষজন। সবচেয়ে বেশি বিপাকে আছেন জেলে ও খেয়া পারাপারের মাঝিরা।

স্থানীয় অমলা রানী, কার্তিক চন্দ্র মনিদাস, আব্দুল রাজ্জাক, অটোরিকশা চালক আজিবুরসহ অনেকেই জানান, ওই কচুরিপানার কারণে কয়েক দিন ধরে কালিয়াকৈর বাজার-চাপাইর এলাকার তুরাগ নদী পারাপার বন্ধ রয়েছে। এ ছাড়া ঘাটাখালী নদীর প্রবেশমুখে কচুরিপানা আটকে নৌ চলাচল বন্ধ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জ াদ জানান, খুব দ্রুত কচুরিপানা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঝুঁকিপূর্ণ ওই ব্রিজের পাশে আরেকটি নতুন ব্রিজ নির্মাণের লক্ষে কার্যক্রম চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত