দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক তৃণমূল বিএনপির ৪১ জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন দলটির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ।
তিনি বলেন, সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। পে০অর্ডার বা নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।
যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন : মো. শরীফুজ্জামান খান (টাঙ্গাইল সদর-৫), মাহবুবুর রহমান খান (টাঙ্গাইল-২), শহীদুল ইসলাম (টাঙ্গাইল-৪), আসলাম আল মেহেদী (সাতক্ষীরা-৪), চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী (গাজীপুর-১), আবদুল মোতালিব (বগুড়া-৩), আবদুল খালেক সরকার (কুষ্টিয়া-১), মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান (খুলনা-৪), মো. মোফাজ্জল হোসেন (দিনাজপুর-৬), কে এ জাহাঙ্গীর মাজমাদার (ঝিনাইদহ-১), মো. মজনু মিয়া (নাটোর-২), ফারুক হোসেন (শেরপুর-১), এস এম আকাশ (ঢাকা-৮), লায়ন আফরোজ বেগম হ্যাপী (ঢাকা-১৭) প্রমুখ।
সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রথম মনোনয়নপত্রটি কেনেন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান। জাতীয় সংসদের আসন খুলনা-৪ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
