গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিতে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত বোতলসদৃশ বস্তু খুলতে গিয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জিগাবাড়ি গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আবদুল হাকিম সাইদার (৪৫), তার স্ত্রী পারুল বেগম (৩৮), বড় ছেলে ফারুক মিয়া (২১) ও ছোট ছেলে রিপন মিয়া (১৬)। স্থানীয়রা জানান, গতকাল সকালে আবদুল হালিম তার দুই ছেলেকে নিয়ে ওই জমিতে জমে থাকা কচুরিপানা সরাতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বোতলসদৃশ বস্তু পান। পরে সেটি গুপ্তধন ভেবে বাড়িতে এনে খোলার চেষ্টা করেন। একপর্যায়ে দা দিয়ে ওই বস্তুটিতে আঘাত করলে এটি বিস্ফোরিত হয়। এতে আবদুল হালিম ওরফে সাইদারের একটি পা, বড় ছেলে ফারুকের হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। একই সঙ্গে ছোট ছেলে রিপনের চোখ ও স্ত্রী পারুল বেগমের শরীর ঝলসে যায়। স্থানীয়রা উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
×
