গাজীপুরে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিজের বাস পুড়ে যাওয়ার দৃশ্য দেখে বাসের চালক ও মালিক দেলোয়ার হোসেন দেলু জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
আজ রবিবার দুপুরে গাজীপুর মহানগরীর জয়দেবপুর সড়কে দাঁড়িয়ে থাকা এই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
জানা যায়, শনিবার ভোরের দিকে একই স্থানে গাড়িটি রেখে বাড়ি যান বাসের চালক দেলোয়ার হোসেন। দুপুরে কে বা কারা গাড়িটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর এলাকাবাসী পুকুরের পানি দিয়ে আগুন নেভান।
বাসমালিক দেলুর চাচাতো ভাই সাগর হোসেন জানান, ‘তুরাগ পরিবহন’ নামের গাড়িটি ঢাকা-শেরপুর রুটে চালান দেলু। দেলু তার শেষ সম্বল সাত কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় কিস্তিতে গাড়িটি কেনেন। এজন্য প্রতিমাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়।
এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছিদ্দিক বলেন, কে বা করা বাসটিতে অগ্নিসংযোগ করেছেন তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
