দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ ও প্রার্থীদের প্রচারণায় নির্বাচনী উত্তাপ সৃষ্টি করেছে আওয়ামী লীগ। মনোনয়ন ফরম সংগ্রহ করতে প্রার্থীরা ঢাকায় এসে উত্তাপ ছড়িয়ে দিয়ে যাচ্ছেন। নিজ নিজ এলাকায় গিয়ে প্রচার-প্রচারণায় নির্বাচনী জোয়ার সৃষ্টি করে তুলেছেন প্রার্থীরা। সে তুলনায় অন্য রাজনৈতিক দলের ভেতরে নির্বাচনী জোয়ার এখনো তেমন লক্ষ করা যাচ্ছে না। মাঠের বিরোধী দল বিএনপি নির্বাচন যাবে না বলে আন্দোলন অব্যাহত রেখেছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেও সেভাবে উত্তাপ দেখা যাচ্ছে না দলটির নেতাকর্মীদের ভেতরে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন ফরম সংগ্রহে গতকাল রবিবারও ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর আগে শনিবার প্রথম দিন বিক্রি হয় ১ হাজার ৭৪টি ফরম। দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের তরুণ ভোটাররাই আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। তিনি বলেন, প্রথম ভোটার হওয়া তরুণ শ্রেণি আমাদের প্রধান টার্গেট।
গতকাল রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশের মানুষ গণজাগরণের ঢেউ তুলেছে। নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ প্রবল। মানুষ নির্বাচন নিয়ে কতটা স্বতঃস্ফূর্ত এটা আজ বলার অপেক্ষা রাখে না।
হরতার-অবরোধে ট্রেনে ও বাসে আগুন নিয়ে তিনি বলেন, এখন বাংলাদেশে বিরোধী দলের নির্বাচনের বাইরে যে রাজনীতি সেটা বিরোধী রাজনীতি নয়, সেটা গঠনমূলক সমালোচনা নয় এটা স্রেফ নাশকতা। নাশকতার এই কালো হাত ভেঙে দিতে হবে। রাতে স্টেশনে থাকা ট্রেনে আগুন দেওয়া হচ্ছে। চোরাগোপ্তা হামলা এই রাজনীতি প্রতিহত ও প্রতিরোধ করতে হবে।
নির্বাচনকালের সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তফসিল ঘোষণার পর এসব পদ থাকে না, এটাই নিয়ম।
প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য সচিব আবদুস সোবহান গোলাপ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদসহ কমিটির সদস্যরা।
নির্বাচন বানচাল করার প্রচেষ্টায় ব্যস্ত তাদের আমরা শিক্ষা দেব : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল বিকোলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে মোমেন বলেন, তফসিল ঘোষণার পর থেকে দেশের মানুষের মধ্যে নির্বাচনমুখী জোয়ার এসেছে। দারুণ অনুপ্রেরণা এসেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। আর আমার দলের মূলনীতি হলো ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’। তিনি বলেন, মানুষ এটা বিশ্বাস করে, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সব নির্বাচনে জয়লাভ করেই সরকার গঠন করেছে। কোনোদিন চোরাইপথে সরকারে আসেনি। আর এবারেই আমরা প্রমাণ করব বাঙালি জাতি নির্বাচনমুখী জাতি। যারা এই নির্বাচন বানচাল করার প্রচেষ্টায় ব্যস্ত তাদের আমরা শিক্ষা দেব। অবশ্যই আমরা নির্বাচনে জয়লাভ করব।
