ট্রলার থেকে পদ্মায় পড়ে যুবক নিখোঁজ

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৫:৩২ এএম

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে রবিউল (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (১৯ নভেম্বর)  সন্ধ্যা সোয়া ৫টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রবিউল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার চরকইজুরি এলাকার আনোয়ারের ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করে জানান, শরীয়তপুর বাবুরচর এলাকায় নদী ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ শেষ করে ট্রলারযোগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, চৌহলী ও এনায়েতপুরে ফিরছিলেন ২০-২৫ জন শ্রমিক। সন্ধ্যা সোয়া ৫টার দিকে উপজেলার আন্ধারমানিক ট্রলার ঘাট সংলগ্ন পদ্মায় পানিতে পরে নিখোঁজ হয় রবিউল। তিনি প্রকৃতির ডাকে ট্রালারের পেছনে গেলে ট্রলার থেকে নদীতে পড়ে যান। রবিউল মৃগী রোগী ছিলেন বলে ট্রলারে থাকা তার এক আত্মীয় জানান।

তিনি আরও বলেন, সন্ধ্যা থেকে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান, হরিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রয়েছেন। এ উপজেলায় ডুবুরির দল না থাকায় শিবালয় উপজেলার সাথে যোগাযোগ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত