যবিপ্রবির এক দরপত্র বিজ্ঞপ্তিতে অর্ধশত ভুল!

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার একটি দরপত্র বিজ্ঞপ্তিতে বানান ও বিরাম চিহ্নের ব্যবহারসহ প্রায় অর্ধশত ভুল পাওয়া গেছে।

গেল শনিবার (১৮ নভেম্বর) যবিপ্রবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার লিজ দরপত্র পরিচালনা কমিটির আহ্বায়ক ড. আশরাফুজ্জামান জাহিদ স্বাক্ষরিত এক পৃষ্ঠার দরপত্রের বিজ্ঞপ্তিতে এসব ভুল দেখা যায়।

এ ঘটনায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞপ্তির ভুল শব্দের মধ্যে রয়েছে ‘কতৃপক্ষ’, ‘আহবায়ক’, ‘আহবনের’, ‘সুনিদিষ্ট’, ‘আফেরৎযোগ্য’, ‘কেন্দ্রিয়’, ‘পঁচিশ হাজার টাক মাত্র’, ‘আহবানকারীর’, ‘আহবায়ক’, ‘ওয়েবসাইড’, ‘আনুষাঙ্গিক’, ‘জামনত’, ‘স্মরক নং’, ‘নি:এন্ড’, ‘কারণবশত:’, ‘গন্য’, ‘গ্রহনের’।

বিজ্ঞপ্তিতে আহ্বায়কের পদের নিচে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সংক্ষিপ্ত নাম এনএফটি লেখা রয়েছে। সংক্ষিপ্ত নাম লেখার আগে দরপত্রের কোথাও বিভাগের পূর্ণরূপ উল্লেখ করা হয়নি।

এ ছাড়াও বিজ্ঞপ্তিতে অফিসের নাম ও ঠিকানায় ‘ভিসি অফিস, যশোর’ লেখা হয়েছে, কিন্তু এই নামে যবিপ্রবিতে কোনো অফিস নেই।

এ বিষয়ে ড. আশরাফুজ্জামান জাহিদকে মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব কোনো মন্তব্য করতে রাজি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত