গণ অধিকার পরিষদকে নির্বাচনে নিতে না পেরে হুমকি দিচ্ছে : নুর

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১:৫৯ পিএম

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করে বলেছেন, ‘গণ অধিকার পরিষদকে নির্বাচনে নিতে না পেরে সরকার এখন হুমকি দিচ্ছে। কিন্তু এসব করে লাভ হবে না।’ আজ সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় এক সমাবেশে তিনি এমন অভিযোগ করেন।

সমাবেশের আগে ঢাকার পুরানা পল্টন, নাইটিঙ্গেল মোড়, নয়াপল্টন এলাকায় হরতালের পক্ষে মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা। পরে সমাবেশে নুর বলেন, ‘গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে আসামি করে গত রবিবার পুলিশ আদালতে একটি মামলার অভিযোগপত্র দিয়েছে। তাতে রাশেদসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সেখান থেকে রেজা–ফারুকদের (গণ অধিকার পরিষদের আরেক অংশের নেতা রেজা কিবরিয়া ও ফারুক হাসান) নাম প্রত্যাহার করা হয়েছে। এভাবে গণ অধিকার পরিষদ, বিএনপি ও জাতীয় পার্টি ভাঙার চেষ্টা করছে সরকার।’ 

সরকার পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন নুরুল হক। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আপনারা যে পথে হাঁটছেন, সেটা আত্মঘাতী পথ। আপনাদের আত্মহননের পথ। ২০১৪ ও ২০১৮ সালের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক নয়। আপনাদের হাতে এখনো সুযোগ আছে।’ 

নুর বলেন, ‘জাতির সামনে সাহসী নেতৃত্ব ও সুবিধাবাদী নেতৃত্ব চেনার সুযোগ এসেছে। সামরিক বাহিনী, বিচার বিভাগসহ সব সরকারি কর্মকর্তা–কর্মচারীদের মতামত নিচ্ছেন, আলোচনা করছেন। সরকার পদত্যাগ না করলে অচিরেই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে এবং তাতে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা অংশ নেবেন।’ 

সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের একাংশের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, ফাতেমা তাসনিম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির উচ্চতর পরিষদের সদস্য আবদুজ জাহের। এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদের একাংশের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, আনিসুর রহমান প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত