বিচার বিভাগে হস্তক্ষেপ হয় না : আইনমন্ত্রী

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:৫৪ এএম

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে তার খাস কামরায় সাক্ষাৎ করতে আসেন তিনি। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

সরকারের চাপে বিএনপির নেতাদের জামিন হচ্ছে না বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হয় না। এর থেকে বেশি কিছু বলব না। তার কারণ হচ্ছে, এখন সবগুলো মামলাই সাব-জুডিস (বিচারাধীন)। বিচারাধীন মামলায় কোনো কথা বলি না।’ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘ওনার (প্রধান বিচারপতি) সঙ্গে আমার সৌজন্য সাক্ষাৎ ছিল। ১৫ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্ট ছুটিতে (অবকাশ) চলে যাবে। তখন আমরা নির্বাচনে চলে যাব। সেজন্যই সাক্ষাৎ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত