বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সরিষাক্ষেতে লাশ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৩:২৬ এএম

বগুড়ার শেরপুরে এক বিএনপি নেতাকে পিটিয়ে ও মাথায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম আব্দুল মতিন (৫৫)। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিশালপুর মান্দাইল গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বিশালপুর ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য ছিলেন।

গত ১৫ নভেম্বর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলায় আব্দুল মতিন ৬৪ নম্বর আসামি ছিলেন। এরপর থেকে তিনি রাতে বাড়িতে অবস্থান করতেন না বলে এলাকাবাসী জানিয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল সকালে ওই গ্রামের আব্দুল মোমিনের শ্রমিকরা ধান কাটতে গিয়ে দেখেন মতিনের রক্তাক্ত লাশ সরিষা ক্ষেতে পড়ে আছে। পরে পরিবারের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্থানীয়রা আরও জানান, গত বুধবার সন্ধ্যায় বাজারে চা খেয়ে শেরপুরে তার মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। কিন্তু সেই সময় তাকে কে যেন ফোন করায় একটু দেরি করেন। দেরি হওয়ায় অটোচালক তাকে রেখেই চলে যান। ঘণ্টাখানেক পর তিনি বাজার থেকে চলে যান। পরে গতকাল সকালে তার লাশ পাওয়া গেল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) বগুড়ায় পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যার রহস্য দ্রুত উদঘাটনে পুলিশ প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত