‘প্রহসনের’ ভোটে না যাওয়ার ঘোষণা সিপিবির

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৭:১৭ এএম

সরকার একতরফা ও প্রহসনের নির্বাচনের দিকে এগোচ্ছে অভিযোগ করে এই নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের সামনে সমাবেশে দলটির নেতারা এ ঘোষণা দেন। সমাবেশে সিপিবির নেতারা বলেন, গণদাবি ও জনমত উপেক্ষা করে সরকার আবারও ‘একতরফা’ নির্বাচনের দিকে এগোচ্ছে। ‘একতরফা’ তকমা ঘোচাতে বিভিন্ন দল ও ব্যক্তিকে নির্বাচনে অংশ নেওয়াতে নানা ‘অপকৌশল’ ব্যবহার করছে। এসব কর্মকাণ্ড এক কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে এবং তা গোপন থাকছে না। এ পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে চলমান রাজনৈতিক সংকট দূর হবে না, বরং দেশ নতুন সংকটে পড়বে। সরকারের স্বৈরাচারী, কর্তৃত্ববাদী প্রবণতা বাড়বে। অর্থনৈতিক সংকট তীব্র হবে। সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হক রুবেল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, পরেশ করসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আসেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত