ফিলিস্তিনি বন্দি

আমাদের অপমান এবং খুব খারাপ ব্যবহার করা হতো

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১২:৫৯ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে যুদ্ধবিরতির প্রথম দিন কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছে ৩৯ জন ফিলিস্তিনি। শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া চার দিনের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তাদের কারাগার মুক্তি দেয় ইসরায়েল।

তবে ইসরায়েলে আটক থাকা অবস্থায় বন্দিদের সাথে খুব খারাপ আচরণ করা হয়েছে বলে জানিয়েছেন ফেরত আসা ফিলিস্তিনি বন্দিরা। খবর আল জাজিরা।

মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের একজন ফরিদা নিজিম মুক্তি পাওয়ার পর বার্তাসংস্থা আল জাজিরার কাছে তুলে ধরেছেন ইসরায়েলি কারাগারে বন্দিদের অবস্থা।

নাবলুসের বাসিন্দা ফরিদা নিজিম বলেন, “ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের বিশুদ্ধ খাবার পানি বা পর্যাপ্ত খাবার দেওয়া হয় না।“

তিনি বলেন, “আমরা কারাগারে অনেক কষ্ট পেয়েছি। ফেরার পথে আমরা অপমানিত হয়েছি। তারা সব সময় আমাদের সাথে খুব খারাপ আচরণ করেছে।”

ফরিদা আরও বলেছিলেন যে তিনি মুক্তি পেয়ে "খুব খুশি"।

তিনি বলেন, "আমি গাজার জনগণকে তাদের প্রতিরোধের জন্য ধন্যবাদ জানাতে চাই এবং আল্লাহ তাদের ধৈর্য্য দান করুন।"

এদিকে শনিবার হামাসের কাছে জিম্মি ১৩ জনকে মুক্তি দেয়া হবে এবং তাদের তালিকা ইসরায়েলের কাছে দেওয়া হয়েছে বলে জানিয়ে আল জাজিরা। এছাড়া ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে কতজন মুক্তি পাবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে দুই শতাধিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত